গাজীপুরের সব থানায় অনলাইন জিডি চালু হচ্ছে কাল

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল থানায় আগামীকাল রবিবার থেকে চালু হচ্ছে অনলাইন জিডি সেবা। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা পর্যায়ক্রমে সারাদেশে চালু করেছে বাংলাদেশ পুলিশ‌।

বর্তমানে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম রেঞ্জ এবং সিলেট, চট্টগ্রাম, রংপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে। ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত।

গুগল প্লে স্টোর থেকে 'অনলাইন জিডি' (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।