ছাত্রদল সভাপতি

ধানের শীষের কোট পিন পরে টাকা আদায় নিষিদ্ধ

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব স্পষ্ট জানিয়েছেন, ধানের শীষ প্রতীকযুক্ত কোট পিন পরে টাকা আদায় সম্পূর্ণ নিষিদ্ধ। এমন কাজে সংগঠনের কোনো নেতা-কর্মী জড়িত নয় বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। 

রাকিব বলেন, গত কয়েকদিনে ছাত্রদলের লোগো ও ধানের শীষযুক্ত কোট পিন ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ আমাদের নজরে এসেছে। এ ধরনের কাজে আমাদের কোনো ইউনিট বা নেতা-কর্মী জড়িত নয়। ৩ আগস্ট শাহবাগের সমাবেশ ও ভবিষ্যতে এমন কাজ সম্পূর্ণ নিষেধ।

তিনি আরও বলেন, কেউ এমন কাজ করলে তাকে তাৎক্ষণিকভাবে বাধা দিন। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিন।

শাহবাগ সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল করতে ছাত্রদলের সভাপতি রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ছয় দফা নির্দেশনা দিয়েছেন:

১. সমাবেশে ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড আনা যাবে না।
২. সমাবেশ শুরুর পর থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট স্থানে অবস্থান করতে হবে।
৩. কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গলি দিয়ে অ্যাম্বুলেন্স ও জরুরি যান চলাচলে সহযোগিতা করতে হবে।
৪. সমাবেশের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না।
৫. ব্যক্তিগত শোডাউন বা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না।
৬. সমাবেশ শেষে সংশ্লিষ্ট স্থান পরিষ্কার করে ত্যাগ করতে হবে।

উল্লেখ্য, ৩ আগস্ট শাহবাগ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।