কক্সবাজারে ট্রেনের ধাক্কায় নিহত ৪

কক্সবাজারের রামুর রশিদনগরে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ ৪জন নিহত হয়েছে। ওই ট্রেনটি গন্তব্যে চলে গেলেও অপর একটি ট্রেন ঘটনাস্থলে আটকে রেখেছে বিক্ষুব্দ জনতা।

শনিবার (২ আগস্ট) দুপুর সোয়া ১ টার দিকে ঢাকা-কক্সবাজার রুটের ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান।

নিহতরা হলেন, মরিয়ম আক্তার (৪৫) ও তার শিশু কন্যা এবং অটোরিকশা চালক হাবিব উল্লাহ।

তবে নিহত অপর এক নারীর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে তিনি নিহত অপর যাত্রীদের স্বজন।

রশিদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম বলেন, “দুপুরে কক্সবাজার আইনিক রেল স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় পৌঁছে। এসময় ভারুয়াখালীমুখি একটি যাত্রীবাহী অটোরিকশা রেল ক্রসিং অতিক্রম করছিল। এতে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটিকে প্রায় এক কিলোমিটার দূরের এলাকা পর্যন্ত নিয়ে যায়। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে চালক ও শিশুসহ ৪ জন নিহত হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ট্রেনটি পালিয়ে যায়।”

এদিকে দুপুরে ঘটনার পরপরই চট্টগ্রাম দিক থেকে আসা কক্সবাজারমুখি সৈকত এক্সপ্রেস নামের ট্রেনটি বিক্ষুদ্ধ জনতা ঘটনাস্থলে আটকে রেখেছে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

কক্সবাজারের পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী জানান, নিহত চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আটকে রাখা ট্রেনটির সামনে থেকে উত্তেজিত জনতাকে সরানোর চেষ্টা করছে পুলিশ।