নতুন বন্দোবস্ত অপুকে চাঁদাবাজে রূপান্তরিত করল: রাশেদ খাঁন

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২ আগস্ট) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি বলেন নতুন বন্দোবস্ত জানে আলম অপুর মতো ভালো ছেলেকে চাঁদাবাজে রূপান্তর করবে ভাবতে পারছি না।

ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখা এক স্ট্যাটাসে তিনি বলেন, ছেলেটিকে আমি চিনি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে তার ভালো ভূমিকা আছে। তার আন্দোলন নিয়ে প্রথম আলোতে ভিডিও প্রকাশিত হয়েছে। ছাত্র অধিকার পরিষদের রাজনীতি ছেড়ে সে নতুন বন্দোবস্তের রাজনীতি করার জন্য গিয়েছিলো। কিন্তু ক্ষমতা ও সিস্টেম তাকে চাঁদাবাজ বানিয়ে দিলো।

তিনি আরও লিখেন, সে (অপু) ছাত্র অধিকার পরিষদে থাকতে কখনো চাঁদাবাজ ছিলো না। বরং হাসিনার বিরুদ্ধে লড়াই করার দীক্ষা আমরা তাকে দিয়েছিলাম। কিন্তু যখন দেখলো, তার সমসাময়িক বন্ধুরা গণঅভ্যুত্থানের পর দামি বাইক, আইফোন ব্যবহার করে, অনেকের পকেট ভর্তি টাকা। ডিসি, এসপি, সচিবরা সমন্বয় বা বৈষম্য বিরোধীর পরিচয় পেলে প্রতি মন্ত্রীর মতো সম্মান করে, তখন সে সংগ্রামী জীবন ছেড়ে চাঁদাবাজিতে লিপ্ত হলো।

রাশেদ আরও লিখেছেন, একটা ভালো ছেলেকে নতুন বন্দোবস্ত পুরোদস্তু চাঁদাবাজে রুপান্তরিত করলো! জানে আলম অপুর জন্য আমার খুবই দুঃখ লাগছে। চোখের সামনে একটা ভালো ছেলে চাঁদাবাজ হয়ে যাবে কল্পনা করতে পারছিনা। এভাবেই বুঝি ফুলগুলো ঝরে যায়?