ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ে চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসের চাকা আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকল যাত্রী নিরাপদ আছেন।
আজ শনিবার দুপুরে জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার অদুরে ওজন স্টেশনের সামনে সিয়াম পরিবহনের বাসের চাকায় আগুন লাগে। তাৎক্ষণিক বাসের গতিরোধ করা হলে যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। এতে প্রাণে বেঁচে যান অর্ধশত যাত্রী।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর ১টার দিকে বাসটি এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানার অদুরে ওজন স্টেশনের সামনে এলে চাকায় হঠাৎ করেই আগুন ধরে ধরে যায়। এতে চালক গতিরোধ করলে আতঙ্কে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। তবে কোনো হতাহততের ঘটনা ঘটেনি।
তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে বাসটির যাত্রীরা অন্য বাসে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।