শুরুতেই ফ্লপের আশঙ্কায় ‘কিংডম’

শুরুতেই দর্শকের মন ভেঙে দিয়েছে নতুন ভারতের নতুন সিনেমা ‘কিংডম’ । শুক্রবার (১ আগস্ট) বিশ্বচজুড়ে মুক্তি পেয়েছে তেলেগু সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার অভিনীত বহুল প্রত্যাশিত সিনেমাটি। মুক্তির প্রথম দিনে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করলেও ধস নামে দ্বিতীয় দিন শনিবার (২ আগস্ট)। প্রথম দিনে ৩৪ কোটি রুপি (বিশ্বব্যাপী গ্রস) আয় করলেও পরেরদিন সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ১৪ কোটি রুপি- যা আগের দিনের তুলনায় প্রায় ৫৯ শতাংশ কম।

বক্স অফিসে সিনেমাটির দ্বিতীয় দিনের আয় ছিল প্রায় ৭.৫ কোটি রুপি (নেট)। সেই তুলনায় ওভারসিজ আয়ে কিছুটা ভারসাম্য থাকলেও পতনটা পুরোপুরি ঠেকানো যায়নি। দুই দিনে সিনেমাটির মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে আনুমানিক ৪৮ কোটি রুপিতে।

ভারতীয় সিনেমা বিশ্লেষকদের মতে, মুক্তির আগের উত্তেজনা আর প্রচারণা সিনেমাটিকে প্রথম দিন দুর্দান্ত সূচনা এনে দিলেও, গল্প ও নির্মাণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার কারণেই দ্বিতীয় দিনেই আয় কমে গেছে। 

ছবির গল্প শুরু হয় নিজের পরিচয় লুকিয়ে, ছদ্মবেশে মিশনে নেমেছে এক পুলিশ কনস্টেবল, ঢুকে পড়ে শ্রীলঙ্কার অন্ধকার অপরাধজগতের ভেতরে। কিন্তু একসময় আবিষ্কার যার বিরুদ্ধে লড়ছে সে, সে তারই রক্তের ভাই! শুরু হয় পারিবারিক টানাপড়েন আর নৈতিক দ্বন্দ্ব। ভাইয়ের মুখোমুখি ভাই। একজন আইনের পক্ষে, আরেকজন অপরাধ জগতের শাসক। এমন গল্পেই নির্মিত হয়েছে ‘কিংডম’।

গৌতম তিন্নানুরি পরিচালিত এ সিনেমাতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন ভাগ্যশ্রী বরসে, রুক্মিণী বসন্ত, কৌশিক মহাতা, সত্যদেব কানচারানা ও শ্রীরাম রেড্ডি পোলাসানে।