শিবগঞ্জে সীমান্তে পদ্মা নদী থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তঘেষা পদ্মানদী থেকে পুলিশ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে। শনিবার বিকালে বিজিবির দেওয়া তথ্যের ভিত্তিতে নৌ-পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে।

নিহত ওই দুই যুবক হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও মোর্তুজার ছেলে মোহাম্মদ সেলিম (৩৫)। নিহতদের পারিবারিক সূত্র জানিয়েছে, তারা কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন।

বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, শনিবার বিকাল ৩টার দিকে স্থানীয়রা সীমান্তের মাসুদপুর বিওপিতে খবর দেয় যে, পদ্মা নদীতে দু’ যুবকের মরদেহ ভেসে রয়েছে। খবর পেয়ে বিজিবি’র টহলদল ঘটনাস্থল মনাকষার চৌধুরী স্মরণ এলাকায় গিয়ে সীমান্ত পিলার ৪/২ এস পিলার থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে দু’জনের মরদেহ দেখতে পান। পরে শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

এটি বিএসএফ হত্যাকাণ্ড কিনা এমন প্রশ্নের জবাবে বিজিবি অধিনায়ক বলেন, ‘মৃতদের পরিবার থেকে বিজিবি’র সঙ্গে যোগাযোগ করেনি। এ বিষয়ে, বিএসএফ’র ৭১ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ধরণের কোন ঘটনা জানেনা বলে জানিয়েছে।’

নিহত শফিকুলের চাচাতো ভাই মনাকষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সমির উদ্দীন জানান, শফিকুল ও সেলিম বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তারা পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, বিজিবি’র খবরের প্রেক্ষিতে নৌপুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে।

গোদাগাড়ির নৌ পুশিলের অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহ দুইটির একটি শরীরে ঝলসানোর চিহ্ন এবং একটি শরীরে আগাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’