বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে সাবেক এমপির বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা মামলায় পালিয়ে যাওয়া আসামি জানে আলম অপু ওরফে কাজী গৌরব অপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জানে আলম অপু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক।
গতকাল শনিবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান অপুকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা সংঘবদ্ধ চাঁদাবাজ দলের সদস্য। তারা দেশে বিরাজমান পরিস্থিতিতে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে এ মামলার বাদীসহ বিভিন্ন মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা নেয়। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের এ রকম কার্যকলাপ প্রচারিত হচ্ছে। এ ছাড়া ভুক্তভোগী আরও কিছু মানুষের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করেছে মর্মে বিভিন্ন থানায় অভিযোগ আছে। জিজ্ঞাসাবাদ করলে মামলার মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িত অপরাপর আসামিদের ও তাদের গডফাদারদের
গ্রেপ্তার করা সম্ভব হবে। এ ছাড়া বাদীর কাছ থেকে গত ১৭ জুলাই গ্রহণ করা চাঁদার টাকা উদ্ধার করা সম্ভব হবে। চাঁদাবাজির ওই ঘটনায় এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক রিয়াদ, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন ওরফে মুন্না এবং অপ্রাপ্তবয়স্ক একজনসহ এজাহার নামীয় আসামি ছয়জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।