প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জামায়াতে ইসলামীর শৃঙ্খলা ও সততার সুনাম সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য। দলটির আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
শনিবার (২ আগস্ট) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুল আলম লিখেন, হার্ট সার্জারির পর শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং তার জন্য প্রার্থনা করছি।
তিনি আরও লেখেন, অনিশ্চয়তার এই সময়ে তার শান্ত নেতৃত্ব ও সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলক অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। তার নেতৃত্বে জামায়াতের শৃঙ্খলা ও সততার সুনাম সব দলের জন্য হতে পারে আদর্শ।
প্রেস সচিব দোয়া করেন, আল্লাহ তাকে দ্রুত সুস্থ করুন। শান্তি, ধৈর্য ও শক্তি তার সঙ্গে থাকুক। ইনশাআল্লাহ।
ঢাকার ইউনাইটেড হাসপাতালে শফিকুর রহমানের অপারেশন সফলভাবে শেষ হয়েছে। চিকিৎসক জাহাঙ্গীর কবির জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আগামী সাতদিনের মধ্যে তিনি বাড়ি ফিরতে পারবেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। নেতাকর্মীদের সহযোগিতায় তিনি কিছুক্ষণ পর আবার বক্তব্য শুরু করলেও পরে বসেই বক্তব্য দেন। এ সময় তার পাশে চিকিৎসকরা উপস্থিত ছিলেন।