ছাত্রদলের সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ সমাবেশ করছে ছাত্রদল। এ উপলক্ষে জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা শাহবাগে সমবেত হচ্ছে। 

রবিবার (৩ আগস্ট) সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করে।

প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। 

গত রাতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সমাবেশস্থল পরিদর্শন করেন।

জুলাই অভ্যুত্থানের পর এটাই ছাত্রদলের প্রথম বড় কোনো গণজমায়েত। তবে এবারের সমাবেশে দেখা যাবে না চিরাচরিত মিছিল, ব্যানার আর ফেস্টুনের ভিড়। সমাবেশ উপলক্ষে ইতোমধ্যেই নেতা-কর্মীদের উদ্দেশে ছয় দফা নির্দেশনা দিয়েছে ছাত্রদল। কেন্দ্রীয় নেতৃত্ব সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড না আনার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, এ সমাবেশকে কেন্দ্র করে যে কোনো ধরনের জনদুর্ভোগের জন্য সংগঠনটি আগাম দুঃখ প্রকাশ করেছে। সমাবেশের কারণে রাজধানীতে ধীরগতিতে চলছে যানবাহন।

এদিকে, একই দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’ এর দাবিতে সমাবেশ করবে। এছাড়া সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলছে।

তিনটি কর্মসূচির কারণে শাহবাগ ও বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক জনসমাগমের আশঙ্কা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তিনি বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছেন।