থানায় হামলা ও ভাংচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

থানায় হামলা ও ভাংচুর মামলায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মীর মোশারফ হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩ আগস্ট) সকালে জেলার সিরাজদীখান উপজেলার ইছারপুরা চৌরাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও ইছাপুরা গ্রামের মীর আব্দুস সাত্তারের ছেলে।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইছাপুরা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গত বছরের ৫ আগষ্ট সিরাজদীখান থানায় হামলা চালিয়ে ভাংচুর করার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর ২৭ আগস্ট এসআই ইকবাল হোসেন ৪০০-৪৫০ জনকে আসামি করে সিরাজদীখান থানায় ওই মামলা দায়ের করেন।