বগুড়ায় চাঁদা না দেয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা

বগুড়ার শাজাহানপুরে জমিজমা বিরোধের জেরে মামলা তুলে না নেওয়া ও চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটায় আহত প্রসাধনী ব্যবসায়ী আল আমিন (৩৫)মারা গেছেন।

শনিবার (২ আগস্ট) রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গত ২৮ জুলাই শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামে সকালে প্রতিপক্ষের হাতুরি পেটার শিকার হন নিহত আল আমিন।

আল আমিন শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের আফসার আলীর ছেলে। তিনি বগুড়া শহরের নিউ মার্কেটে প্রসাধনীর ব্যবসা করতেন।

নিহতের স্বজনরা জানায়, দেড় বছর ধরে আল আমিনের এক একর কৃষিজমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন প্রতিবেশী নূরুল ইসলাম, আবু হোসেন ও ফজলুল হক। এর মধ্যে দুই দফা হামলার শিকার হন তিনি ও তার পরিবার। দুই ঘটনাতেই থানায় মামলা করেন আল আমিন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা সম্প্রতি তার কাছে মামলা তুলে নেওয়া ও দুই লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ দেয়।

থানায় অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় আল আমিনের ওপর হামলা চালানো হয়। হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় আল আমিন ও তার বাবা আফসার আলীকে। এ সময় তার কাছ থেকে সোয়া এক লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এ ঘটনায় নিহতের পরিবার ৩০ জুলাই শাজাহানপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভাদাইকান্দি গ্রামে হাতুরি পেটায় আহত হন ব্যবসায়ী আল আমিন। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে আল আমিন মারা যান। লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।