লিজেন্ডস ক্রিকেট লিগে অংশগ্রহণ নিষিদ্ধ করল পাকিস্তান

বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে মাঝেমধ্যেই লিজেন্ড লিগ হয়ে থাকে। এই লিগগুলোর মাঝে বেশ আলোচিত হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস। সদ্য সমাপ্ত এই আসরে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে সব ছাপিয়ে আলোচনায় এসেছে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ বর্জন। এই পরিস্থিতিতে সামনের আসরগুলোতে এই টুর্নামেন্টে অংশগ্রহণকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রাজনৈতিক বৈরিতার জের ধরে এবারের আসরে প্রাথমিক পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বর্জন করে ভারত। পরে সেমি-ফাইনালেও তারা একই সিদ্ধান্ত নেয়। যে কারণে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ফাইনালে উঠে যায় পাকিস্তান। ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। একটি দল খেলতে না চাওয়ায় পয়েন্ট ভাগাভাগির সিদ্ধান্তকে “ভণ্ডামি ও পক্ষপাতিত্বে’ বলে উল্লেখ করেছে পিসিবি।

৭৯তম বোর্ড অব গভর্নর্স সভা শেষে এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘ম্যাচ বাতিলের সিদ্ধান্ত কোনো ক্রিকেটীয় কারণে হয়নি, বরং সুনির্দিষ্ট জাতীয়তাবাদী ধারণাকে তুষ্ট করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের ক্রিকেটারদেরকে আমরা এমন আসরে অংশ নিতে দিতে পারি না, যেখানে খেলাধুলার চেতনাকে ছাপিয়ে যায় বিকৃত রাজনীতি, স্পোর্টসম্যানশিপ ও ভদ্রলোকের খেলার ধারণাটিকেই যা খাটো করে তোলে।’