গাজীপুরে একটি বাসার সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ হয়ে অগ্নিদগ্ধ হয়ে এক শিশু নিহত ও পিতা-মাতা দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছেন। রবিবার (৩ আগস্ট) ভোরে গাজীপুর মহানগরীর পূবাইল মিরের বাজার কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রায়হান (আড়াই মাস) এ ঘটনায় শিশুটির বাবা মোহাম্মদ রিপন (২৫) ও মা মোসাম্মৎ হাফিজা আক্তার (২০) দগ্ধ হয়ে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত শিশুটির বাবা দুইদিন আগে পূবাইলের কামারগাঁও এলাকায় জনৈক সাজ্জাদের বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সকালের দিকে মা হাফিজা খাতুন রান্না করার সময় সিলিন্ডার গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিয়ে যায়। হাসপাতালে শিশু রায়হানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মা ও বাবাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শিশুসহ একই পরিবারের ৩ জনকে নিয়ে আসলে শিশু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। রিপনের শরীরে ৮০ শতাংশ দগ্ধ ও তার স্ত্রী হাফিজার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। উভয়েরই শ্বাসনালী দগ্ধ হয়েছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, দুই দিন আগে ওই দম্পতি কামারগাঁও এলাকায় সাজ্জাদের বাড়িতে বাসা ভাড়া নেন। ভোরে রান্না করতে গিয়ে সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে আগুন ধরে গেলে স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠিয়েছে। সেখানে আড়াই মাসের শিশুর রায়হান মৃত্যুবরণ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।