বিসিএসডিওএ’র সদস্যপদ সনদ ও কার্ড বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ কাটার সাকশন ড্রেজার ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিএসডিওএ)-এর সদস্যপদ সনদ (মেম্বারশিপ সার্টিফিকেট) ও সদস্য পরিচয়পত্র (মেম্বারশিপ কার্ড) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবের দ্য ক্রিস্টাল প্যালেস হলে এ আয়োজন হয়। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের ৫১ জন সদস্য সনদ ও পরিচয়পত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি বশির আহমেদ। তিনি বলেন, দেশের ড্রেজিং শিল্পকে আরও গতিশীল করতে সদস্য প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম প্রসারিত করা জরুরি। এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বক্তব্যে বিদেশি ড্রেজিং কোম্পানির অপতৎপরতা ও দেশীয় শিল্পের প্রতি অবহেলার অভিযোগ তুলে ধরে বলেন, দেশীয় প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ না দিলে আমাদের শিল্প ধ্বংস হয়ে যাবে। বিদেশি ঠিকাদাররা ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থে উৎসাহিত হচ্ছে, এতে দেশীয় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি অভিযোগ করেন, ওটিএম পদ্ধতিতে বিদেশি প্রতিষ্ঠানগুলো কাজ নিয়ে স্থানীয় ঠিকাদারদের দিয়ে তা সাব-কন্ট্রাক্টে করায়। এতে বিদেশিরা লাভের বড় অংশ নিয়ে যায়, অথচ দেশীয় ঠিকাদাররা অল্প মুনাফায় কাজ করতে বাধ্য হন। এই অনিয়ম বন্ধ হওয়া দরকার।

বশির আহমেদ আরও বলেন, অনেক বিদেশি ড্রেজার কোম্পানি কাজ শেষে ড্রেজার ফিরিয়ে না নিয়ে দেশে রেখে পুনরায় ব্যবহার করছে। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। একই কাজ আন্তর্জাতিক দরপত্রে ৩-৪ গুণ বেশি খরচে হলেও, দেশীয় কোম্পানির মাধ্যমে তা অনেক কম ব্যয়ে ও দক্ষতায় সম্পন্ন করা সম্ভব।

তিনি বলেন, আমরা ৭৫ জন দেশীয় ড্রেজিং ব্যবসায়ী সরকারের কাছে দাবি জানাই, বিদেশি দৌরাত্ম্য রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং স্থানীয় শিল্পকে রক্ষা করা হোক।

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রাকিবুল আলম। তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন, ড্রেজিং শিল্পকে এগিয়ে নিতে সবাইকে একত্রিত হয়ে এসোসিয়েশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে হবে।

এ ছাড়া বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুছ। তারা সংগঠনের অগ্রগতির দিকনির্দেশনা তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন। তারা ড্রেজিং খাতের উন্নয়নে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।