ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রবিবার (৩ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুর এবং মাধবপুর থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা এসে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম দেশ রূপান্তরকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।