ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।
আজ রবিবার (৩ আগস্ট) জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে তিনি এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশে কোনো ষড়যন্ত্র হলে ছাত্রদল তা রুখে দিতে জানে। ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে ছাত্রদল যথেষ্ট সক্ষম। আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশ দেন, ছাত্রদলের নেতা-কর্মীরা এক মুহূর্তে সারা দেশ অবরুদ্ধ করে দিতে পারবে।
তিনি আরও বলেন, ছাত্রদল দেশের স্বার্থ রক্ষায় সবসময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। এই সংগঠনকে কোনোভাবেই দমন করা যাবে না। কারণ ছাত্রদল জাতির বিবেক, এই ছাত্র সমাজই একদিন পরিবর্তনের নেতৃত্ব দেবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি বক্তব্য দেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখছেন।
উপস্থিত বিএনপি নেতাদের মধ্যে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।