কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছেন হিন্দি সিরিয়ালের লাস্যময়ী অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। পারিবারিক ঝামেলায় বড়সর উদ্বেগের মধ্যে দিন কাটছে তার। শোনা যাচ্ছে অভিনেত্রীর পরিচারিকার মেয়ে ও তার এক বান্ধবী দু’জনেই ৩১ জুলাই থেকে আচমকাই নিখোঁজ। ইতোমধ্যেই এই ঘটনার পর স্থানীয় থানায় এফআইআর দায়ের করেছেন অঙ্কিতা।
নিজের সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রী এই খবর নিজেই জানিয়েছেন।সেখানে অঙ্কিতা লিখেছেন, ‘আমাদের পরিবারের পরিচারিকা কান্তার মেয়ে সালোনি ও তার বান্ধবী নেহা ৩১ জুলাই সকাল ১০টা থেকে নিখোঁজ। তাদের দু’জনকে শেষবার দেখা গিয়েছিল মুম্বাইয়ের ভাকোলা অঞ্চলে।’
একইসঙ্গে অঙ্কিতা আরও লেখেন ওই পোস্টে, ‘ওরা আমাদের পরিবারেরি অংশ। তাই এই ঘটনায় আমরা সকলেই ভীষণ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। মুম্বাইবাসীর কাছে অনুরোধ করছি আমাদের সাহায্য করুন। আমরা যাতে ওদের নিরাপদে ফিরে পাই। আপনাদের কারও নজরে পড়লেও আমাদের সঙ্গে বা নিকটবর্তী থানায় যোগাযোগ করতে পারেন।’
অঙ্কিতা ও তার স্বামী ভিকি দু’জনেই তাদের সোশ্যাল মিডিয়ায় এই পস্টটি শেয়ার করেছেন। এছাড়াও সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, দুই কিশোরী নিখোঁজ হওয়ার পর শিশু অপহরণের মামলা রুজু করা হয়েছে।