বিজ্ঞান, পরিবহনসহ ইরান–পাকিস্তানের ১২ চুক্তি

রাষ্ট্রীয় সফরে রবিবার সকালে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছান ইরানের রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ান ও তার প্রতিনিধি দল। এ সময় তেহরান ও ইসলামাবাদের মধ্যে ১২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

লাহোর সফর শেষে আজ রবিার সকালে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রপতি। পরে দেশ দুইটির উচ্চপদস্থ কর্মকর্তাদের যৌথ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে, ইরান ও পাকিস্তানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ১২টি চুক্তি স্বাক্ষর করেন। দুই প্রতিবেশীর মধ্যে স্বাক্ষর করা চুক্তিতে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবহন, বিচার, শিল্প, অর্থনীতি, বাণিজ্য, পর্যটন এবং কৃষি খাতে সহযোগিতা অন্তর্ভুক্ত করা হয়েছে।