বাগেরহাটের ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ‘বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটি’র পক্ষ থেকে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে বিভাগীয় কমিশনারের দপ্তরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে বিএনপির কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, বাগেরহাটবাসীর মৌলিক অধিকার এবং তাদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হয়েছে।
গণতান্ত্রিক দেশে তাদের মতামত উপেক্ষা করে ও প্রচলিত বিধি-বিধান লঙ্ঘন করে নির্বাচন কমিশন একতরফাভাবে যে প্রস্তাব করেছে তাতে বাগেরহাটবাসী ক্ষুব্ধ। বাগেরহাটের মানুষ নির্বাচন কমিশনের এই কর্মকাণ্ড সমর্থন করে না।
তিনি বলেন, আসন কমানোর এই সিদ্ধান্ত বাগেরহাটকে আরও বেশি অবহেলিত করবে। যারা এই সিদ্ধান্ত নিয়েছে আমাদের দাবি, অতি দ্রুত এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে। তা না হলে বাগেরহাটের মানুষের ক্ষোভ আর আন্দোলন সামলাতে সরকারের পক্ষে সহজ হবে না।
তিনি আরও বলেন, ইতিমধ্যে বাগেরহাটবাসী বিক্ষোভ মিছিল, সমাবেশ, স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি পালন করেছে। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম, সাবেক সচিব ড. মশিউর রহমান, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার নাবিল আহমেদ, ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম প্রমুখ।