জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শাহবাগে সমাবেশস্থল পরিষ্কার করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল নেতারা। যা উপস্থিত সবার নজর কেড়েছে। আজ রবিবার সন্ধ্যার পর সমাবেশ শেষে শাহবাগে এমন দৃশ্য দেখা যায়।
সমাবেশস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্ল্যাকার্ড, ব্যানার, পানির বোতল ও অন্যান্য বর্জ্য তারা ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে ফেলেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দেওয়ার পরিবর্তে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ পরিচ্ছন্নতা অভিযান।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক পরিষ্কার করা শাজাহানপুর থানা ছাত্রদলের একজন কর্মী বলেন, গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি সম্মান জানানো আমাদের কর্তব্য। আমরা যেমন দেশের জন্য আন্দোলন করি, তেমনই দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও আমাদের দায়িত্ব।
এর আগে রবিবার (৩ আগস্ট) দুপুর ৩টা ১৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।