নাটোরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আপনারা প্রায়ই শোনেন ল’ অ্যান্ড অর্ডার কাজ করছে না, পুলিশ কাজ করছে না, করবে কীভাবে স্ট্রাকচার নেই। আইনের স্ট্রাকচার শেষ, প্রশাসনেরও স্ট্রাকচার শেষ। দেশের সব প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। এক বছরে তা ঠিক করা সম্ভব নয়।’
গতকাল রবিবার সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রমিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এমনিতেই দেশের পুলিশ এবং প্রশাসনের সব সেক্টর ভেঙে পড়েছে। শ্রমিকরা যদি বিশৃঙ্খলা করে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। দেশ শুধু গার্মেন্টস এবং জনশক্তি খাতেই রপ্তানি করছে। এই দুটি খাতকে টিকিয়ে রাখার পাশাপাশি রপ্তানিমুখী আরও খাত তৈরি করতে হবে। শিপ বিল্ডিং একটি ভালো খাত হতে পারে। সেটা নিয়ে সরকার কাজ করছে।