নির্বাচন কমিশনকে (ইসি) ‘মেরুদন্ডহীন’ আখ্যায়িত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সাংবিধানিক এই সংস্থাটির অঙ্গ জুড়ে সামরিক উর্দি ও দলীয় পোশাকে আবৃত। আগে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দেশের মানুষকে, এবার নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য পাঁয়তারা চালাচ্ছে।’ গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন। গতকাল দলের নিবন্ধন নিয়ে ইসির চাহিদা অনুযায়ী, প্রয়োজনীয় নথি ইসিতে জমা দেয় এনসিপি।
বর্তমান ইসির বিরুদ্ধে ‘পক্ষপাতিত্বের’ ইঙ্গিত দিয়ে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে, তাহলে সেখানে তারা সমস্যার সৃষ্টি করবে। এ পরিস্থিতির দিকে যাচ্ছে। ইসি এ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে এমন অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সে প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে। দিন দিন এ ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি, ততই বুঝতে পারছি যে এটি মেরুদ-হীন একটি ইলেকশন কমিশন। যারা শহীদ বা আহত হয়েছিল, ওনাদের উদ্দেশ্য ছিল যেন ভোট দিতে পারি, তাই মাঠে আন্দোলন করেছি; তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছি।’
এই ইসির অধীনে এনসিপি নির্বাচনে যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আপাতত যে অবস্থায় আছি, সেটি বলেছি।
ইসির বিরুদ্ধে দলীয় পক্ষপাতিত্বের অভিযোগ থাকলেও সামনে পরিস্থিতি বুঝে ভোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমরা প্রতিনিয়ত তাদের সঙ্গে দেখা করছি, কথা বলছি, ভুল দেখিয়ে দিচ্ছি।