জেরুজালেম ও আল আকসা দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলো দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। রবিবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি এমন হুঁশিয়ারি দেন।

এর আগে ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্র উপবাস দিবস তিশা ব’আভ উপলক্ষে পশ্চিম প্রাচীর পরিদর্শন করেন কাটজ।

এক্স-এ ইসরায়েল কাটজ লিখেন, ‘সেকেন্ড টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর, পশ্চিম প্রাচীর এবং টেম্পল মাউন্ট এখন আবার ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্বের অধীনে।’

তিনি বলেন, ‘বিশ্বজুড়ে যারা ইসরায়েলকে ঘৃণা করে, তারা আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে ও বিক্ষোভ করছে। আমরা জেরুজালেমে আমাদের দখল এবং সার্বভৌমত্ব আরও জোরদার করব।’

কাটজ জানান, তিনি গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি, ইসরায়েলি জনগণের শান্তি, নিরাপত্তা বাহিনীর সুস্থতা এবং হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন।

কাটজের মন্তব্য আসে এমন সময়, যখন কয়েক ঘণ্টা আগেই ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির হাজারখানে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী নিয়ে মসজিদ চত্বরে প্রবেশ করে। এসময় তার সঙ্গে ছিলেন লিকুদ পার্টির সংসদ সদস্য আমিত হালেভি। তারা সেখানে তালমুদি রীতিনীতির চর্চা, গান ও নৃত্য করে এবং প্রকাশ্যে প্রার্থনা করেন।

ইহুদি ধর্মমতে এটি পবিত্রতম স্থান, তবে সেখানে প্রার্থনা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও উত্তেজনা রয়েছে।

টেম্পল মাউন্ট পরিচালনায় বহুবছরের পুরনো ‘স্ট্যাটাস কো’ ব্যবস্থার অধীনে, ইসরায়েল নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখলেও ধর্মীয় কার্যক্রমের দৈনন্দিন তত্ত্বাবধানে রয়েছে জর্ডানের অধীনে ইসলামিক ওয়াকফ। এই ব্যবস্থায় অমুসলিমদের প্রকাশ্যে প্রার্থনা নিষিদ্ধ থাকলেও, সীমিত সময় ও কঠোর নজরদারিতে ইহুদি ও খ্রিস্টান দর্শনার্থীদের প্রবেশ অনুমতি রয়েছে।

রবিবার তিশা ব’আভ উপলক্ষে ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হ্যাসকেলও টেম্পল মাউন্টে যান।

তিনি এক্স-এ লেখেন, ‘৭ অক্টোবরের ঘটনার ছায়ায়, যখন আমাদের জাতি এখনো যুদ্ধের ক্ষত থেকে সেরে ওঠার চেষ্টা করছে, এবং হামাসের বন্দিশালায় এখনো ৫০ জন জিম্মি কষ্ট পাচ্ছে—তখন ইসরায়েলি সমাজে যন্ত্রণা খুব গভীর। ক্রোধ আর শোকে আমরা বিপর্যস্ত।’

তিনি যোগ করেন, ‘তবুও আমি গিয়েছিলাম স্মরণ করতে—এবং প্রতিশ্রুতি দিতে। ঐক্য, নিরাময় ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য নেতৃত্বের প্রতিশ্রুতি।’