লাডারহিলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজের জয়ের জন্য দরকার ১৮ বলে ৪১ রান। হাতে ৭ উইকেট।
১৭তম ওভারের শেষ বলে এক রান নেন রোস্টন চেজ। ১২৫ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ১৫। তবে দলের কথা ভেবে রিটায়ার্ড আউট হলেন চেজ। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে চেজই প্রথম ব্যাটসম্যান যিনি কিনা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হলেন।
তবু শেষ পর্যন্ত জিততে পারেনি উইন্ডিজ। পাকিস্তান ম্যাচটা জেতে ১৩ রানে। তাতে সিরিজও নিজেদের করে নেয় তারা।
টি-টোয়েন্টি ফরম্যাটে অবশ্য এমন অভিজ্ঞতা চেজের জন্য দ্বিতীয়বার। এর আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলার সময় এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দুবার রিটায়ার্ড আউট হয়েছেন ফ্রান্সের হেভিট জ্যাকসন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আলী নাসের, বোতসোয়ানার ভিনু বলকৃষ্ণান ও গ্রিসের ক্রিস্টোডুলাস বোগদানোস একবার করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হয়েছেন।