যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিএনপি জুলাই সনদের খসড়ার সঙ্গে শতভাগ একমত। সহযোগিতা করা হচ্ছে না জুলাই সনদ নিয়ে এমন বিভ্রান্তি ছড়ানের চেষ্টা চলছে। এটি উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিক হীনমন্যতা।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর গুলশানে সমসাময়িক বিষয় নিয়ে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৬ সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে। ঐকমত্য কমিশনের ২য় দফা আলোচনায় ১৯টির মধ্যে ১২টিতে সরাসরি একমত এবং ৭টি বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে।’
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর হবে।
আগামীকাল ৫ আগস্ট বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই ঘোষণাপত্র পাঠ করতে যাচ্ছে সরকার। তবে সে অনুষ্ঠানে বিএনপি এখনো দাওয়াত পায়নি বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
সংবিধানের চতুর্থ তফসিলের মাধ্যমে বিএনপি জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেবে বলেও জানান তিনি।
ঘোষণাপত্র নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার বিষয়ে দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ঘোষণাপত্রে যে সংশোধনীর প্রস্তাব দেওয়া হয়েছে, তা না মানলে পাঠের পর প্রতিক্রিয়া জানানো হবে।