মৌলভীবাজারের বড়লেখা উপজেলার একটি বসতবাড়িতে সংঘটিত চুরির ঘটনায় শরীফ আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরীফ সিলেটের বিয়ানীবাজার থানার খসিরবন হাতিরটিলা গ্রামের লিটন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ১৩ জুলাই উপজেলার তেলিগুল গ্রামের শামীম আহমদ কাউছারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরচক্র ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি থেকে নগদ টাকা, মার্কিন ডলার ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরদিন ১৪ জুলাই ভুক্তভোগী বড়লেখা থানায় মামলা করেন। মামলার পর জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের তত্ত্বাবধানে তদন্ত শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যে চুরির কাজে ব্যবহৃত ইয়ামাহা এফজেডএক্স মোটরসাইকেল ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। তার সহযোগীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।