আগামীকাল ৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এই জাতীয় আয়োজনে ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই উৎসবের অংশ হিসেবে আজ সোমবার (৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংকে চিঠি পাঠায়।
চিঠিতে বলা হয়, আগামীকাল দুপুর ১টায় রাজধানীর নভোথিয়েটার, বিজয় সরণি ও তেজগাঁও এলাকায় একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সরকারি দপ্তর ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের এই শোভাযাত্রায় উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রতিটি ব্যাংক নিজস্ব ব্যানারসহ শোভাযাত্রায় অংশ নেবে। ঢাকার প্রধান কার্যালয় ও শাখাগুলো থেকে নির্বাচিত কর্মকর্তারা এতে যোগ দেবেন।
এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের চিঠি পেয়েছি। আমাদের ব্যাংক থেকে একটি প্রতিনিধি দল শোভাযাত্রায় অংশ নেবে। প্রস্তুতি চলছে।