ওভাল টেস্টে নাটকীয় জয় ভারতের, ইংল্যান্ডের সঙ্গে সিরিজ ড্র

নাটকীয় ওভাল টেস্ট জিতে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ ড্র করলো ভারত। আজ রোমাঞ্চকর শেষ দিনে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস ৩৬৭ রানে অলআউট করে দেন মোহাম্মদ সিরাজ। ৬ রানে ম্যাচ জিতে নেয় ভারত। 

৩৫ রান না ৪ উইকেট? প্রশ্নের উত্তর খুঁজতে দ্য ওভালের সবগুলো টিকেট বিক্রি হয়ে গিয়েছিলো আগেই। আকাশভরা মেঘ আর টানটান উত্তেজনার মধ্যে শুরু হয় দিনের খেলা। 

প্রসিদ্ধ কৃষ্ণার প্রথম ২ বলেই ২ চারে ৮ রান তুলে নেন জেমি ওভারটন। পরের ওভারেই মোহাম্মদ সিরাজ জেমি স্মিথের উইকেট শিকার করে নেন বদলা। নিজের পরের ওভারে এসে ফেরান ওভারটনকে। এর পর কৃষ্ণা নিজের তৃতীয় ওভারের শেষ বলে যখন জশ টংকে বোল্ড করে দেন তখনই ঘটে টেস্ট ক্রিকেটের আরও একটি সাহসী পদক্ষেপের দৃষ্টান্ত। ১৯৬৩ অ্যাশেজ সিরিজের লর্ডস টেস্টে কলিন কাউড্রের মতো ভাঙা হাত নিয়ে ব্যাটিংয়ে নেমে পড়েন ক্রিস ওকস। ওই ম্যাচে ডেভিড অ্যালেন শেষ দুই বল ঠেকিয়ে দিয়ে ইংল্যান্ডকে এনে দিয়েছিলেন কাঙ্খিত ড্র। আর কাউড্রের সাহসিকতা এখনো ইংল্যান্ডের প্রতি ক্রিকেটারদের নিবেদনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

আজ ওকস যখন খেলতে নামেন ইংল্যান্ড তখন জয় থেকে ১৭ রান দূরে, ভারতের চাই মাত্র একটি উইকেট। কাউড্রের মতোই নন-স্ট্রাইকে এসে দাঁড়ান ওকস। 

এক হাতে ব্যান্ডেজ নিয়েই খেলতে নামেন ক্রিস ওকস, তবে তার এই সাহসকিতার পরিনাম পায়নি ইংল্যান্ড। ছবি রয়টার্স

পরের ওভারে সিরাজকে ছক্কা হাঁকান গাস অ্যাটকিনসন। শেষ বলে তুলে নেন সিঙ্গেল। স্ট্রাইকে আসা থেকে বেঁচে যান ওকস। পরের ওভারেও শেষ বলে সিঙ্গেল নিতে সমর্থ হন অ্যাটকিনসন। কিন্তু পরের ওভারেই সিরাজ প্রথম বলে বোল্ড করে দেন অ্যাটকিনসনকে। ১০৪ রানে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসের নায়ক সিরাজ। পাশাপাশি ৪ উইকেট নিয়েছেন কৃষ্ণা।

এর আগে প্রথম ইনিংসে ভারতকে মাত্র ২২৪ রানে গুটিয়ে দিয়েছিল ইংল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে ২৪৭ রান তোলে ইংল্যান্ড। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ভারত তোলে ৩৯৬ রান। আর তাতেই বড় লক্ষ্য ছুড়ে দেয় ভারত। সেই রান আর পেরোতে পারেনি ইংলিশরা।

সিরিজের আগের চার টেস্টের মধ্যে দুটিতে ইংল্যান্ড জয় পেয়েছিল। একটি জিতেছিল ভারত আর বাকি একটি ম্যাচ হয় ড্র।

সংক্ষিপ্ত স্কোর
ভারত     ২২৪ ও ৩৯৬
ইংল্যান্ড  ২৪৭ ও ৩৬৭ (ব্রুক ১১১, রুট ১০৫, ডাকেট ৫৪, সিরাজ ৫/১০৪, প্রষিদ্ধ ৪/১২৬)