গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী জানে আলম অপুর ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চাঁদাবাজির অভিযোগে তাঁর গ্রেপ্তার ও ফৌজদারি মামলা দায়েরের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়েছে, গুলশান থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচরণবিধির ধারা ৩.৮ ও ১১.৩.৭ অনুযায়ী তাঁর ছাত্রত্ব স্থগিত করা হলো।
এই সিদ্ধান্ত অনুযায়ী, জানে আলম আপু এখন কোনো একাডেমিক বা সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোনো সুবিধা বা ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
উল্লেখ্য, গত ১ আগস্ট গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে রাজধানীর ওয়ারী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে গুলশানে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।