দীর্ঘ দেড় দশকের কূটনৈতিক স্থবিরতা কাটিয়ে আবার সক্রিয় হতে চলেছে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক। চার দফা পরিবর্তনের পর পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরের নতুন তারিখ নির্ধারিত হয়েছে। প্রস্তাবিত সূচি মতে, সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ আগস্ট ঢাকা সফর করবেন তিনি। ক্যালেন্ডারের হিসাবে সফরটি হবে দুদিনের কিন্তু কার্যত তিনি ২৪ ঘণ্টার চেয়ে একটু বেশি সময় ঢাকায় অবস্থান করবেন।
সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হবে। সেখানে উভয় দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসামুক্ত ভ্রমণবিষয়ক তাৎপর্যপূর্ণ সমঝোতা সই হবে। তা ছাড়া বেশ চুক্তি হওয়ারও প্রস্তাব রয়েছে।
দায়িত্বশীল কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত ৩০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে আসছেন। সফরের গুরুত্ব রাজনৈতিক ও অর্থনৈতিকÑ দুই পরিসরেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষণ করছেন কূটনীতিকরা। বলা হচ্ছে, এ সফরে রাজনৈতিক ঘনিষ্ঠতার নতুন মাত্রা যুক্ত হবে। সফরের দ্বিতীয় দিনে ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।