বাংলাদেশে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত করোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনটি আন্তর্জাতিক কোম্পানি অ্যাবোট, বস্টন সায়েন্টিফিক এবং মেডট্রোনিকের উৎপাদিত ১০ ধরনের স্টেন্টের দাম কমানো হয়েছে, যেখানে সর্বোচ্চ ৪৭ শতাংশ এবং সর্বনিম্ন ৪ শতাংশ হ্রাস করা হয়েছে। একটি স্টেন্টের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ, কমিশন এবং কোম্পানিগুলোর যুক্তিসংগত মুনাফা বিবেচনায় এনে এই দাম নির্ধারণ করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত রোগীদের ধমনিতে রক্ত চলাচল বন্ধ হলে এনজিওপ্লাস্টির মাধ্যমে করোনারি স্টেন্ট বসানো হয়, যা জনপ্রিয়ভাবে ‘হার্টের রিং’ নামে পরিচিত। এই রিং হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দাম হ্রাসের বিস্তারিত প্রজ্ঞাপনে উল্লিখিত দাম হ্রাসের বিবরণ নিম্নরূপ
মেডট্রোনিক : রিসলিউট অনিক্স স্টেন্টের দাম ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৯০ হাজার টাকা করা হয়েছে, অর্থাৎ ৩৬ শতাংশ হ্রাস।
অনিক্স ট্রুকর স্টেন্টের দাম ৭২ হাজার ৫০০ থেকে ৫০ হাজার টাকা করা হয়েছে, যা ৩১ শতাংশ কম।
বস্টন সায়েন্টিফিক : প্রোমাস এলিট স্টেন্টের দাম ৭৯ হাজার থেকে ৭২ হাজার টাকা করা হয়েছে, অর্থাৎ ৬ শতাংশ হ্রাস। প্রোমাস প্রিমিয়ার স্টেন্টের দাম ৭৩ হাজার থেকে ৭০ হাজার টাকা, অর্থাৎ ৪ শতাংশ কম।
সাইনার্জি স্টেন্টের দাম ১ লাখ ১৭ হাজার থেকে ৯০ হাজার টাকা, অর্থাৎ ২৩ শতাংশ হ্রাস। সাইনার্জি শিল্ড স্টেন্টের দাম ১ লাখ ২০ হাজার থেকে ৯০ হাজার টাকা, অর্থাৎ ১৮ শতাংশ কম।
সাইনার্জি এক্সডি স্টেন্টের দাম ১ লাখ ৮৮ হাজার থেকে ১ লাখ টাকা করা হয়েছে, যা সর্বোচ্চ ৪৭ শতাংশ হ্রাস।
অ্যাবোট : জায়েন্স প্রাইম স্টেন্টের দাম ৬৬ হাজার ৬০০ থেকে ৫০ হাজার টাকা, অর্থাৎ ১০ শতাংশ কম।
জায়েন্স আলপাইন এবং জায়েন্স সিয়েরা স্টেন্টের দাম ১ লাখ ৪০ হাজার ৫০০ এবং ১ লাখ ৪০ হাজার টাকা থেকে কমিয়ে ৯০ হাজার টাকা করা হয়েছে, অর্থাৎ উভয় ক্ষেত্রে ৩৬ শতাংশ হ্রাস।
স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে, হাসপাতালগুলো যেন নির্ধারিত দামের সঙ্গে সার্ভিস চার্জ হিসেবে ৫ শতাংশের বেশি না নেয়, সেজন্য স্বাস্থ্য অধিদপ্তর এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরকে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।