জোড়া গোল করে দলকে জেতালেন নেইমার

ইনজুরি কাটিয়ে নিয়মিত ছন্দে আছেন ব্রাজিল তারকা নেইমার। এবার সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান সিরি আ লিগে জুভেন্তুজের বিপক্ষে জোড়া গোল করে ৩-১ ব্যবধানে দলকে জিতিয়েছেন। ভাঙা-গড়ার মধ্য দিয়ে পুনর্গঠনের চেষ্টায় থাকা ব্রাজিল ফুটবলের জন্য আপাতত এটাই বড় সুসংবাদ।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে মরুম্বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৭ মিনিটেই সান্তোসকে এগিয়ে দেন নেইমার। আর্জেন্টাইন উইঙ্গার আলভারো ব্যারেলের ক্রস থেকে নেইমারের শট গোলকিপার ঠেকিয়ে দিলেও বল হাতে জমাতে পারেননি। তিনি ভারসাম্য হারিয়ে পড়ে গেলে ফাঁকা জালে বল পাঠান নেইমার। স্রেফ তিন মিনিট পর সতীর্থের থেকে বল পেয়ে আলভারো ব্যারেল নিজেই ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধে নাটকের তখনও বাকি ছিল। যোগ করা সময়ের প্রথম মিনিটে মার্সেলো হার্মিসের কর্নার কিক থেকে ব্যবধান কমান জুভেন্তুজের উইলকার অ্যাঞ্জেল। বিরতির পর ৫২ তম মিনিটে নেইমার হলুদ কার্ড দেখেন। রেফারি তাকে সতর্ক করে দেন। সেই রাগেই কিনা ৮০তম মিনিটে আরেকবার বল জালে পাঠান নেইমার। পেনাল্টি স্পট থেকে তার ডান পায়ের নিচু শট ঠেকাতে গিয়ে জুভেন্তজের গোলকিপার রুয়া কার্নেইরো ভারসাম্য হারান।

জাতীয় দল ও ক্লাব পর্যায় মিলিয়ে প্রায় ২ বছর পর কোনো ম্যাচে নেইমার একাধিক গোল করলেন। সর্বশেষ ব্রাজিল জাতীয় দলে কোচ ফার্নান্দো দিনিজের অভিষেকের সময় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন। এই জয়ে সান্তোসের পয়েন্ট হয়েছে ১৮ এবং তারা রেলিগেশন জোন থেকে ১৫তম স্থানে উঠে এসেছে।