জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে। এ ছাড়া সাবেক ৭৩ শিক্ষার্থীর সনদ স্থায়ীভাবে বাতিল করেছে।
সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৩টায় সিন্ডিকেট সভা শেষে ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের জুলাইয়ে সংঘটিত হামলায় জড়িত অভিযুক্ত শিক্ষার্থীর সংখ্যা ২২৯ জন। এর মধ্যে ৯৯ জন সাবেক ও ১৩০ জন বর্তমান শিক্ষার্থী। বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ৬৪ জনকে আজীবন বহিষ্কার, ৩৭ জনকে দুই বছর, আট জনকে এক বছর ও এক জনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তদন্ত শেষে ২০ শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সাবেক ৯৯ শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনের সনদ স্থায়ীভাবে বাতিল ও ছয় জনের সনদ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। বাকি ২০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপাচার্য আরও জানান, হামলায় জড়িত বহিরাগত সন্ত্রাসী, হামলার পরিকল্পনাকারী ও ক্যাম্পাসে পুলিশের কার্যক্রম বিশ্ববিদ্যালয় আইনের বাইরে হওয়ায় তাদের বিচারের জন্য তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে (আইসিটি) পাঠানো হবে।