কালীগঞ্জে সাপের কামড়ে মুহুরির মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোল্লাকুয়া গ্রামে বিষধর সাপের কামড়ে হাসিবুল হাসান জনি (৪০) নামে একজন মারা গেছেন। জনি ওই উপজেলা মোল্লাকুয়া গ্রামের ইউছুপ আলীর ছেলে ও ঝিনাইদহ আদালতে মুহুরির কাজ করতেন।

প্রতিবেশি জানান, সোমবার গভীর রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন জনি। ঘুমের মধ্যে বিষধর সাপে তার কানে কামড় দেয়। এসময় টের পেয়ে পার্শ্ববর্তী গ্রাম সুবিতপুরে এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুক করে। এরপর বাড়ি এসে তিনি আবার শুয়ে পড়েন। পরে আরো অসুস্থ হয়ে পড়লে ভোর সাড়ে ৫টায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় ডাক্তার তার চিকিৎসা দিয়ে ২৫০ শয্যা হাসপতালে পাঠিয়ে দেন। সেখান থেকে যশোর নেওয়ার পথে সকাল ৭টার দিকে জনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা জানান, রাতে ডাক্তার আব্দুল্লাহ আল মামুন দায়িত্বে ছিলেন। তবে রোগীর অবস্থা শেষ পর্যায়ে পৌছালে পরিবার তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর রোগীকে এন্টিভেনম দেওয়া হয়। কিন্তু রোগীর অবস্থা খারাপ থাকায় যশোর ২৫০ শয্যা হাসপতালে রেফার করেন।