কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪ নেতার বৈঠকের খবরটি গুজব বলে দাবি করেছেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৈঠকের বিষয়টি প্রোপাগান্ডা উল্লেখ করে একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম। পদযাত্রায় ক্লান্ত হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে আসছি। এখানে হোটেলে চেক-ইন করে মাত্র বসছি— এর মধ্যেই এই নিউজ দেখলাম।’
তিনি বলেন, ‘এটা একটা গুজব, মিসইনফরমেশন। এ ধরনের কোনো কিছুই না, মিডিয়া প্রোপাগন্ডা।’
এর আগে গণমাধ্যমে খবর আসে, মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কক্সবাজারের সি পার্ল হোটেলে পিটার হাসের সঙ্গে এনসিপির ৪ নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে যখন রাষ্ট্রীয় নানা কর্মসূচি চলছে তখন এনসিপি নেতাদের এই সফর নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, ‘এখানে এসে শুনছি আমরা নাকি পিটার হাসের সাথে দেখা করতে আসছি। এরকম হলে তো আমরা ঢাকাতেই দেখা করতে পারতাম, যদি দেখা করার ইচ্ছা থাকত।’