বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই ২০২৪ এবং গত ১৫ বছরের শহীদ ও যোদ্ধাদের প্রতি, প্রতিটি সংগ্রামী প্রাণের প্রতি আমরা চিরঋণী।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
স্ট্যাটাসে তিনি ব্যক্তিগত স্মৃতিচারণার পাশাপাশি দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসকে স্মরণ করেন। তিনি লিখেন, সকালে উঠেই প্রথম ফোন করলাম আমার মেয়েকে। কণ্ঠ শুনে বুকটা ভেঙে পড়ল। এই সময়টায় ঠিক এক বছর আগে ও আমাকে ফোন করেছিল। ও শুধু আমার মেয়ে না, হাজারো প্রবাসী সন্তানদের প্রতিচ্ছবি-যারা অপেক্ষায় ছিল, দুশ্চিন্তায় ছিল, ভয়ে কাঁপছিল।
তিনি যোগ করেন, ফোন বন্ধ থাকায় সেই সময় যোগাযোগ করা সম্ভব ছিল না। কত রাত আমরা ঘুমোতে পারিনি। কথা বলতে পারছিলাম না ঠিকমতো। মেয়ে শুধু জিজ্ঞেস করেছিল, কী হচ্ছে? আমি কিছুই বুঝিয়ে বলতে পারিনি, শুধু বলেছিলাম-ইনশাআল্লাহ, জয়ী হবো।
ফখরুল ইসলাম আলমগীরের মতে, দেশের বাইরে থাকা মানুষদের কষ্টও ছিল অপরিসীম। তিনি লিখেন, দেশের ভেতরের মানুষ যেমন কষ্ট পেয়েছে, প্রবাসীদের যন্ত্রণাও কম ছিল না। রাতজাগা, অশ্রু, আতঙ্ক-সব ছিল আমাদের সাথেও। কিন্তু অটুট ছিল বিশ্বাস যে, অন্যায়ের পতন হবেই।
তিনি ৫ আগস্ট ২০২৪-কে ইতিহাস বদলের দিন হিসেবে উল্লেখ করে বলেন, এটি শুধু একটি তারিখ নয়, বহু বছরের গণতান্ত্রিক সংগ্রামের ফল, যা আমরা সবাই মিলে অর্জন করেছি। শহীদ ও সংগ্রামীদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, আমরা চিরঋণী-জুলাই ২০২৪ এবং গত ১৫ বছরের শহীদ ও যোদ্ধাদের প্রতি। আমি কৃতজ্ঞ দেশ-বিদেশের প্রতিটি মানুষকে, যারা সত্যের পক্ষে দাঁড়িয়েছিল।
তিনি স্বাধীনতা রক্ষার দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়ে বলেন, এই অর্জনকে রক্ষা করতে হবে বুদ্ধি, সংযম ও সাহস দিয়ে।