ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অনুষ্ঠান নিয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে এনসিপি নেতাদের বাদানুবাদ হয়েছে। এনসিপির নেতারা এসিল্যান্ডকে হুমকি দিয়েছেন বলেও জানা গেছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন এসিল্যান্ড কাজী তাহমিনা সারমিন। অভিযোগ রয়েছে, অনুমতি ছাড়াই ভূমি কার্যালয় চত্বরে অনুষ্ঠান করছেন এনিসিপি নেতারা।
স্থানীয় লোকজন, আশুগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ভূমি কার্যালয়ের পেছনে শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল ছিল। সেটি টিনের বেড়ায় ঢেকে রাখা হয়েছে। সেখানে জুলাই আগস্টের অনুষ্ঠান করতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এনসিপি নেতাকর্মীরা যান। ইউএনও ও এসিল্যান্ডের অনুমতি না নিয়ে ভূমি কার্যালয় চত্বরে ঢোকেন তারা। একপর্যায়ে ঢেকে রাখা ম্যুরালের চারপাশ থেকে টিনের বেড়া সরিয়ে নেওয়া হয়।
খবর পেয়ে এসিল্যান্ড ঘটনাস্থলে পৌঁছে বাধা দেন। এ নিয়ে তার সঙ্গে এনসিপি নেতাদের কথাকাটাকাটি হয়। আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম একপর্যায়ে এসিল্যান্ডের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হুমকি দেন। এ ঘটনায় আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন এসিল্যান্ড।
এসিল্যান্ড কাজী তাহমিনা সারমিন বলেন, অনুষ্ঠান করতে সকালে ভূমি অফিসের সীমানা দেয়া জায়গা ভেঙে দিয়েছে এনসিপি নেতারা। সরকারি জায়গায় অনুমতি ছাড়া অনুষ্ঠানে বাধা দিলে এনসিপি নেতা আমিনুল ইসলাম ডালিম উল্টো আমাকে হুমকি দিয়েছেন। অনুষ্ঠানের বিষয়ে তারা কাউকে অবগত করেনি। ইউএনও স্যারও তাদের অনুষ্ঠানের বিষয়ে অবগত নয়। তারা অনুষ্ঠান করবেই বলে জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছিল। হুমকি দেয়ায় এবং বাধা না মানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি।
এ বিষয়ে এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম বলেন, বিকেল ৫টায় আশুগঞ্জের কাচারি পুকুর পাড়ে জুলাই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে মিলাদ মাহফিল করব। উপজেলা ভূমি কার্যালয়ের পেছনে শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল ছিল। ম্যুরালটি টিনের বেড়া ও গুনা দিয়ে তারা ঢেকে রেখেছিল। মিলাহ মাহফিলের জন্য মঙ্গলবার সকালে এনসিপি সদস্যরা সেখানে পরিস্কার করতে যান। তারা টিনের একটি বেড়া খুলে নেয়। এজন্য এসিল্যান্ড ফোন করে আমাদের পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি দেন। আমি বলেছি আমাদের বাধা দিয়েন না। আমরা অনুষ্ঠানটি করে ফেলি। কিন্তু সেখানে অনুষ্ঠান করা যাবে না বলে জানান তিনি। এ সময় হুমকির বিষয়টি বানোয়াট বলে দাবি করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বলেন, সরকারি অফিসের টিনের বেড়া সরিয়ে এনসিপির ব্যানারে জুলাই মঞ্চের নামে সমাবেশ করেছে। কিন্তু সরকারি অফিস, অফিসের নিরাপত্তা ও গোপনীয় নথি আছে এবং এখানে অনুষ্ঠান করতে দিতে পারি না। তারা কোথাও থেকে কোনো অনুমতি নেয়নি। বাধা দেয়ায় এসিল্যান্ডের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক আকিব জাবেদ উল্টো অনুষ্ঠানের অনুমতি দিতে বলেছেন। অনুমতি না দিলে তারা নিজেরাই করে ফেলবে বলে জানিয়েছে।