কোহলি-রোহিতদের ভবিষ্যত নিয়ে তাদের সঙ্গে কথা বলবে ভারতীয় বোর্ড 

শুবমান গিলের নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত সাফল্যের স্বাদ পেয়েছে ভারতীয় দল। প্রথম অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ২-২ ব্যবধানে ড্র করেই ফুটে উঠেছে নতুন প্রজন্মের মেধা ও লড়াইয়ের মানসিকতা। এমন পরিস্থিতিতে, আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বিসিসিআই আবারও ভাবছে দুই অভিজ্ঞ মহাতারকা—বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে।

কোহলি ও রোহিত টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সব ফরম্যাটেই দলকে এনে দিয়েছেন বহু ঐতিহাসিক জয়। তবে ইতিমধ্যে তারা টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। বর্তমানে তারা শুধু ওয়ানডে ক্রিকেটই খেলবেন। 

২০২৭ সালের বিশ্বকাপের আগে রোহিত ও কোহলির সামনে রয়েছে মাত্র ছয়টি আন্তর্জাতিক ওয়ানডে—ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ম্যাচ। এত স্বল্প সময়ের মধ্যে ম্যাচ খেলে বিশাল টুর্নামেন্টে সাফল্য আনা কঠিন হতে পারে। তাই বিসিসিআই ভাবছে, সময় থাকতেই তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে ভবিষ্যতের প্রস্তুতি শুরু করা উচিত।
ভারতের শীর্ষ ক্রীড়া সংবাদ সংস্থা পিটিআইকে এক বিসিসিআই কর্মকর্তা বলেন, 'হ্যাঁ, এই বিষয়টি শিগগিরই আলোচনায় আসবে। এখনও ২০২৭ বিশ্বকাপের প্রায় আড়াই বছর বাকি। তখন কোহলি ও রোহিত প্রায় ৪০-এর কাছাকাছি বয়সে পৌঁছে যাবেন। তাই বড় ইভেন্টের আগে পরিকল্পনা স্পষ্ট থাকতে হবে। আমাদের কয়েকজন তরুণকেও সময়মতো সুযোগ দিতে হবে।'

বিসিসিআইয়ের ওই কর্মকর্তা আরও বলেন, 'দেখুন, কোহলি ও রোহিত ভারতের সাদা বলের ক্রিকেটে অপরিসীম অবদান রেখেছেন। তারা প্রায় সবকিছুই অর্জন করে ফেলেছেন। তাই তাদের উপর কোনো চাপ প্রয়োগ করা হবে না। তবে নতুন ওয়ানডে চক্র শুরুর আগে মানসিক ও শারীরিকভাবে তারা কোথায় দাঁড়িয়ে আছেন, তা নিয়ে একটি পেশাদার এবং খোলামেলা আলোচনা হবে।'

ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মা করেছেন ১১,১৬৮ রান আর বিরাট কোহলির রান সংখ্যা ১৪,১৮১। এই মুহূর্তে তাদের পরবর্তী অ্যাকশন দেখা যেতে পারে অক্টোবর-নভেম্বরের ভারতের অস্ট্রেলিয়া সফরে, যেখানে রয়েছে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ।