চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিএনপির বিজয় র্যালিতে অংশ নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৩৫) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শাহরাস্তির খিলা বাজার স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা এবং দুই সন্তানের জনক।
বিএনপি নেতারা জানান, গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে শাহরাস্তি উপজেলা বিএনপি বিজয় র্যালির আয়োজন করে। দুপুরে খিলা বাজার স্কুল মাঠে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। মিজানুর রহমান সেখানে উপস্থিত হয়ে বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
মিজানুর রহমান দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। রাত ৯টায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।