গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ইসলামী ছাত্রশিবির একটি ছবি প্রদর্শনীতে তাদের সংগঠনের কিছু স্বীকৃত গণহত্যাকারী রাজাকারের ছবি প্রদর্শন করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
পাশাপাশি ২০১৩ সালে শাহবাগ আন্দোলনের নামে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সৃষ্ট মব জাস্টিস এবং স্বৈরাচারী শেখ হাসিনার ব্যক্তিগত রোষানলের শিকার সাবেক সংসদ সদস্য মরহুম সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করারও প্রতিবাদ জানায় ছাত্রদল।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় উক্ত ধৃষ্টতাপূর্ণ আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং ইসলামী ছাত্রশিবির কর্তৃক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার সাথে জড়িত রাজাকারদেরকে মহান মুক্তিযুদ্ধের আঁতুড়ঘর হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, যেখানে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের মানচিত্র-খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিলো, সেখানে জবরদস্তিমূলকভাবে প্রতিষ্ঠিত করবার জঘন্য অপচেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন উক্ত ঘটনার প্রেক্ষিতে ইসলামি ছাত্রশিবির কর্তৃক '২৪ এর গণ-অভ্যুত্থানকে '৭১ এর মহান মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর লক্ষ্যে এহেন জঘন্য অপচেষ্টার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।