নির্বাচনের সময় ঘোষণা করায় রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী রমজানের আগে অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের পর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে তিনি এই প্রতিক্রিয়া জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র। আরেকটি জাতীয় নির্বাচনের ঘোষণা। দুটিকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবধানিকভাবে স্বীকৃতি দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যথাযোগ্য জায়গায় সংবিধানে স্থাপন করা হবে এবং যারা শহীদ হয়েছেন তাদের জাতীয় বীরের স্বীকৃতি দেওয়া সমুচিত হয়েছে।

তিনি বলেন, আগামী দিনে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রধান উপদেষ্টা যে পরিবেশ সৃষ্টির পরামর্শ দিয়েছেন সেটা প্রণিধানযোগ্য। তিনি বলেছেন ইসির কাছে চিঠি পাঠাবেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে যেন যথাযথ ব্যবস্থা নেয়। সেই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে দোদুল্যমানতা ছিল তা রইল না। জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও বিশ্বের মধ্যে প্রশংসিত হবে বলে আমরা আশা করি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আমরা ১ বছর ধরে মানুষের কল্যাণে রাষ্ট্রব্যবস্থা সংস্কারে অনবরত সংস্কার কমিশনের সঙ্গে আলোচনা করেছি। আশা করি ফ্যাসিস্টবিরোধী ঐক্যমতের ভিত্তিতে তা বাস্তবায়ন হবে এবং আমরা জাতিকে এগিয়ে নেব। শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলব।