নরসিংদীর মাধবদীতে তিতাস গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আকলিমা বেগম (৩০) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। ঘটনায় তার ২ সন্তান সিয়াম (১২) ও সামিয়া (১৪) গুরুতর দগ্ধ হয়েছে।
সোমবার রাত ১১ টায় সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের আলগী গ্রামে গৃহবধুর নিজ বাড়িতে গ্যাসের চুলা জ্বালানোর সময় লিকেজ থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আকলিমা ও তার সন্তানদের প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান আকলিমা।
তার ২ সন্তান গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
নিহত গৃহবধু আকলিমা বেগম স্থানীয় একটি টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করতেন। তিনি একই এলাকার টেক্সটাইল মিলের শ্রমিক এমরানের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাতের খাবার গরম করার জন্য চুলা জ্বালানোর চেষ্টা করেন আকলিমা। দিয়াশলাই জ্বালানোর সাথে সাথে ঘরে আগুন লেগে যায়। তাৎক্ষণিক আগুন ছড়িয়ে পড়ে।
এর আগে গত সোমবার (৪ জুলাই) ভোর পাঁচটার দিকে তিতাস গ্যাসের পাইপলাইন ফেটে আগুন লাগায় শহর ও আশপাশে এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। সারাদিন গ্যাস সরবরাহ না থাকায় শিল্পপ্রতিষ্ঠানসহ জেলার প্রায় সাড়ে ৪ হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েন।
এব্যাপারে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, অগ্নিদগ্ধে নিহত আকলিমার লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। খোঁজ খবর নিচ্ছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।