গত ১৭ বছরে নতুন স্বাধীনতার পথ তৈরি হয়েছিল বলে মন্তব্য করছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেছেন, অনেকেই এই দিনকে ৩৬ জুলাই বা ৫ আগস্ট বলছেন, কিন্তু আমি একে বলব দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতাকে আমরা ধরে রাখতে পারিনি তাই আমাদের জন্য অতীব জরুরি ছিল এই নতুন স্বাধীনতা। যার সূচনা হয়েছিল ১/১১-এর পর থেকেই। আজকের যুবসমাজ যেই নতুন স্বাধীনতা এনেছে, তার পথ তৈরি হয়েছে গত ১৭ বছরে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজউকের প্রধান কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের জন্য আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় রাজউকের সদস্য (পরিকল্পনা) আব্দুল কাদির, সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
রাজউক চেয়ারম্যান বলেন, আমরা যদি দেশের স্বার্থে কাজ করি, কোনো ফ্যাসিস্ট সরকার বা অন্য কেউ আমাদের দিয়ে কোনো খারাপ কাজ করিয়ে নিতে পারবে না। বরং নিজের স্বার্থে কাজ করতে গেলেই আমাদের মাধ্যমে খারাপ কাজ ও অন্যের ক্ষতি হওয়া সম্ভব।
তিনি আরও বলেন, ‘চব্বিশের জুলাইয়ে সব শ্রেণির মানুষ রাস্তায় নেমেছিল, তার ফলশ্রুতিতেই এসেছে শোষণের অবসান। আবু সাঈদ, মুগ্ধসহ অন্য শহীদরা আমাদের জন্য মানুষের সেবা করার যে পথ সুগম করে দিয়েছে, তার অনুপ্রেরণায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব মানুষের সেবা প্রদানের। আমি অনুরোধ করব, আমি যদি নাও থাকি, যেই থাকুক, যে সরকারই আসুক, আপনারা অনুগ্রহ করে অন্যায়ের সঙ্গে কোনো আপস করবেন না।’