বিপিএলে খেলা পেসার নাম লেখালেন পর্ন সাইটে!

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা ইংল্যান্ডের সাবেক বাঁহাতি পেসার টাইমাল মিলস নাম লিখিয়েছেন পর্ন সাইটে! তিনি যোগ দিয়েছেন বিতর্কিত ও প্রাপ্তবয়স্ক কনটেন্ট শেয়ারের জন্য পরিচিত ওয়েবসাইট ‘অনলি ফ্যানস’ প্ল্যাটফর্মে। তবে মিলস স্পষ্ট করে জানিয়েছেন পর্নোগ্রাফির জন্য নয়, ভিন্ন উদ্দেশ্যে তিনি এই সাইটে নাম লিখিয়েছেন!

মিলসের দাবি, এই সাইটের মাধ্যমে তিনি সরাসরি ভক্তদের সঙ্গে যুক্ত হতে চান। ‘অনলি ফ্যানস’ -এ তিনি লাইভ স্ট্রিম, একান্ত ভিডিও কল, প্রশ্নোত্তর ও ক্রিকেটের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবেন। ‘দ্য অ্যাথলেটিক’ -কে দেয়া সাক্ষাৎকারে মিলস বলেন, ‘এখানে কোনো গ্ল্যামার শট থাকবে না। এটা ক্রিকেট ও জীবনধারাভিত্তিক কনটেন্ট। একেবারে নতুন এক যাত্রা, কিন্তু আমি খুবই আগ্রহী।’

৩২ বছর বয়সী মিলস মিডিয়াতে বরাবরই সক্রিয়। খেলোয়াড়ি জীবন শুরুতে ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনে স্পোর্টস জার্নালিজম পড়ার সময় থেকেই নানা গণমাধ্যমে কাজ করেছেন। পরবর্তীতে তিনি বিবিসি, স্কাই স্পোর্টস, টক স্পোর্টস এর মতো মিডিয়ায় কাজ করেছেন। তার লেখা কলামের অর্থও দান করেছেন প্রয়াত সতীর্থ ম্যাট হোবডেনের নামে। ‘অনলি ফ্যানস’ পর্নোগ্রাফির জন্য পরিচিত হলেও মিলস মনে করেন, এই প্ল্যাটফর্মের সম্ভাবনা অনেক বেশি।

মিলস বলেছেন, ‘আমি এমন কিছু করতে চাই যা আগে হয়নি, কিন্তু একই সঙ্গে মানুষ কী চায় তাও বুঝে নিতে চাই। যখন আপনি গভীরে যাবেন এবং জানবেন তারা কোন পথে যেতে চায়, তখন এটি সত্যিই রোমাঞ্চকর লাগে। এটার সাবস্ক্রিপশন ফ্রি হবে, তবে কিছু নির্দিষ্ট কনটেন্টের জন্য চার্জ করা হতে পারে। আমি এতে টাকা কামানোর চিন্তা করছি না, আমি চাই এমন কনটেন্ট তৈরি করতে যা মানুষ মনে করে, তাদের সময় ও অর্থের যোগ্য।’

ক্রিকেটার হিসেবে টাইমাল মিলস ক্যারিয়ারজুড়েই চোটের সঙ্গে লড়াই করেছেন। ইংল্যান্ডের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে খ্যাতি পেলেও তাই ক্যারিয়ার বেশিদূর এগোয়নি। ২০১৬ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ৭ বছরে মাত্র ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৪টি। বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলা এই পেসার বলেন ‘অনলি ফ্যানস’ –এ যোগদান তার ভবিষ্যত পরিকল্পনার অংশ, ‘আমি এখন ৩২, আর কিছুদিন পর ৩৩ হব। একদিন ক্রিকেট ছাড়তে হবে। শুরু হবে জীবনের নতুন অধ্যায়। আমি চাই সর্বোচ্চ সুযোগটা কাজে লাগাতে।’