সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছিল বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে প্রমাণিত হয়েছে। পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পিটার হাস গত ৭ এপ্রিল ঢাকায় এসেছিলেন এবং ১১ এপ্রিল ভোর ৪টা ৫ মিনিটে ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। এরপর তিনি আর বাংলাদেশে আসেননি। ইমিগ্রেশন রেকর্ড অনুযায়ী, তার কূটনৈতিক পাসপোর্ট এখন অকার্যকর এবং গত এপ্রিলের পর তার বাংলাদেশে প্রবেশের কোনো তথ্য নেই।
ওয়াশিংটনের সূত্র জানায়, পিটার হাস গত দুই মাস ধরে যুক্তরাষ্ট্রেই আছেন। তিনি সেখানে জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন বিষয়ক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। সম্প্রতি ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের গ্লোবাল এনার্জি ফোরামে অংশ নিয়েছেন তিনি।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোওয়ারী গুজবটি উড়িয়ে দিয়ে বলেন, পিটার হাসের সঙ্গে তাদের কোনো বৈঠক হয়নি। ঢাকাস্থ মার্কিন দূতাবাসও নিশ্চিত করেছে যে হাস এখন একজন বেসরকারি নাগরিক এবং তার রাজনৈতিক বৈঠক সম্পর্কে তাদের কোনো তথ্য নেই।
প্রসঙ্গত, পিটার হাস ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। বর্তমানে তিনি মার্কিন একটি বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত।