বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠানের দাবি জানিয়েছে। একই সঙ্গে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে দলটি।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের এ দাবি জানান। তিনি জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তাহের বলেন, জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে আইনের ভিত্তি দিতে হবে এবং এটি সংবিধানের অন্তর্ভুক্ত করা উচিত।
তিনি আরও যোগ করেন, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে। আলোচনা করলে ভালো হতো।
ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে তাহের বলেন, জামায়াত ইতিবাচকভাবে দেখছে এই সিদ্ধান্ত। আমাদের আমির আগেই বলেছিলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে রমজানের আগে হওয়া দরকার। প্রধান উপদেষ্টাও একই রকম ঘোষণা দিয়েছেন। এটি একটি ইতিবাচক দিক।
পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসিত হলে তিনি বলেন, আমরা মনে করি, পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য মাইলফলক। ৫৪ বছরের পুরনো ঐতিহ্যবাহী নির্বাচন পদ্ধতি দেশের জন্য উপযোগী নয়। রাতে ভোটকেন্দ্র দখলের মতো ঘটনা আগের নির্বাচনেরই অংশ ছিল।
সংবাদ সম্মেলনে দলটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।