নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তদের হামলায় মো. কাঁকন আহমেদ (২৮) নামের একজন রেল কর্মচারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বেলা ১২টায় এই তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া বাজারসংলগ্ন এলাকায় কাঁকন আহমেদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কাঁকন আহমেদ উপজেলার দাপুনিয়া পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে ও বাংলাদেশ রেলওয়ের গৌরীপুর জংশনে পয়েন্টসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে কাঁকন আহমেদ দাপুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাজারসংলগ্ন এলাকায় একদল দুর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।