সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস গভীর শ্রদ্ধার সাথে পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার এ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলাদেশ বা ভারতের মানুষ নন। তিনি সারা পৃথিবীতে পূজনীয়। তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা। তার সৃষ্টিকর্ম, চিন্তা ও দর্শনকে সামনে রেখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও তার অবকাঠামো নির্মাণের জন্য প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে চেষ্টা করছি।
পূর্ববর্তী সরকার এ বিশ্ববিদ্যালয়কে অবহেলা করেছে। বিশ্ববিদ্যালয়ের ডিপিপি সাতবার সংশোধন করে বর্তমানে সরকারের কাছে আছে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমাদের প্রত্যাশা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের নামের প্রতি সুবিচার করবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর আবেদনের প্রতি সদয় হবেন।
এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।