মতপার্থক্য থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকা জরুরি।
আজ বুধবার (৬ আগস্ট) আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় র্যালিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকতেই পারে। এসব দূর করতে আলোচনা চলবে। কিন্তু জাতীয় ইস্যু বা গণতন্ত্রের প্রশ্নে আমাদের মুখ দেখাদেখি বন্ধ হওয়া চলবে না। ধর্ম, দর্শন, মত যার যার-রাষ্ট্র সবার। তাই জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি দেশ ও জনগণের কল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সতর্ক ও সচেতন হওয়ারও ডাক দেন।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের সময় আমরা নিরাপদ ছিলাম না। আমাদের সন্তানরা নিরাপদ ছিল না। ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। পুরো দেশকে বন্দিশালা বানানো হয়েছিল। গণতন্ত্র ও আইনের শাসন না থাকায় এমনটি ঘটেছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চব্বিশের আন্দোলনের ফলে নতুন সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারলে, ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ বা তাবেদার রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করবে না।
বিজয় মিছিল প্রসঙ্গে তিনি বলেন, আজকের বিজয় মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা।